এমপি নিক্সন চৌধুরীর সঙ্গে যোগ দিলেন চর ভদ্রাসন আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:২১

ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ খাঁর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েক শ নেতাকর্মী এমপি নিক্সনের সঙ্গে যোগ দিয়েছেন। ভাঙ্গা উপজেলার আজিমনগরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এমপি নিক্সন চৌধুরীর বাড়িতে গিয়ে এমপির হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক বোরহান মোল্যার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করেন। যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা যোগদান করেন। মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রওশন আরার নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদান করেন। ছাত্রলীগের সাবেক সধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শামসুদ্দিন মোল্যার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন। এসময় অন্যদের মধ্যে চর ভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাফেজ মো. কাউসার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্যা, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, চর ভদ্রাসন উপজেলা    পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খাঁ বলেন, আমরা আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুর দৌহিত্র এমপি নিক্সন চৌধুরীর হাতে ফুল দিয়ে আজ আমরা তার ওপর আস্থা জ্ঞাপন করলাম।

এমপি নিক্সন চৌধুরী বলেন, আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত, আওয়ামী লীগের রক্ত। আমি কখনো আওয়ামী লীগ বা নৌকার বিপক্ষে রাজনীতি করি নাই, আমি রাজনীতি করেছি একজন ব্যক্তি কাজী জাফরউল্ল্যার বিপক্ষে। যার হাতে ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসনের মানুষ জিম্মি হয়ে ছিল।

এমপি নিক্সন চৌধুরী এ সময় সব ভেদাভেদ ভুলে চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী ১০ তারিখের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাল্লাহ।

নৌকা মার্কায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ

চর ভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চর ভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে চর ভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সবাইকে নৌকার প্রার্থী মো. কাউসার মোল্যাকে ভোট দেওয়ার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল হক ভোলা মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, মো. শামীম হক, মো. ফারুক হোসেন, খলিফা কামাল, অ্যাডভোকেট প্রদীপ দাস, অমিতাভ বোস, চর ভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, সাধারণ সম্পাদক ও উপনির্বাচনে নৌকার প্রার্থী মো. কাউসার মোল্যা, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান।