নোয়াখালীতে সেই নারীর লাশের বাকি টুকরা উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:২৫

সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের উত্তর জাহাজমারা গ্রামে বুধবার দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া নুর জাহান বেগম  (৫৮) নামের সেই নারীর দেহের বাকি তিনটি অংশ উদ্ধার করেছে পুলিশ।  গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে নিহতের বাড়ির অদূরে  ধানখেত থেকে তার দেহের গলা থেকে বুকসহ কোমরের উপরিভাগ ও দুই পা  উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকালে একই জায়গা থেকে ঐ নারীর খণ্ডিত মাথা ও কোমরের অংশ উদ্ধার করে পুলিশ। ঐ দিন দুর্বৃত্তরা নুর জাহান বেগমেকে পাঁচ টুকরা করে হত্যা করে। এ ঘটনায় গতকাল সকালে নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত)  মো. ইব্রাহিম খলিল জানান, সকাল থেকে পুলিশ ও এলাকার লোকজন ঐ ধানখেতে তল্লাশি করে দেহের  বাকি অংশগুলো উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দুপুরে ঘটনাস্থল থেকে ফিরে এ হত্যাকাণ্ড সম্পর্কে  জানান, গরিব বিধবা এই নারীকে কী কারণে, কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

নিহত নুর জাহান বেগম উপজেলার উত্তর জাহাজ মারা গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী। বুধবার সকাল ৬টার দিকে তিনি বাড়ির পাশে ধানখেতে শামুক খুঁজতে যান। সেখানে দুর্বৃত্তরা তাকে হত্যা করে খণ্ডিত দেহ ফেলে পালিয়ে যায়।