তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ড

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:২৫

চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছে আপিল বিভাগ। এই অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো এক বছর করে সাজা ভোগ করতে হবে। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।

এর আগে গত ৬ অক্টোবর এ হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ডের রায় বহাল না রেখে যাবজ্জীবন সাজা দেয় আপিল বিভাগ। স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিদের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। কিন্তু তখন অর্থদণ্ড আরোপ করেনি সর্বোচ্চ আদালত। বিষয়টি নজরে আসায় আগের আদেশ সংশোধন করে গতকাল উপরোক্ত আদেশ দেয় আদালত। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ঐ তিন আসামি হলেন তসলিম উদ্দীন ওরফে মন্টু, মোহাম্মদ আজম  ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর। দণ্ডপ্রাপ্তরা সবাই জামায়াত-শিবিরের কর্মী।

২০০১ সালের ১৬ নভেম্বর নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরিকে (৬০) জামায়াত-শিবির ক্যাডাররা চট্টগ্রাম মহানগরীর জামাল খান রোডের বাসায় গুলি করে হত্যা করে। এ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। কিন্তু এক আসামি গিট্টু নাসির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।