তাইওয়ান আলাদা দেশ নয়

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১১

ভারতের চীনা দূতাবাস এক নজিরবিহীন চিঠি পাঠিয়ে সে দেশের সংবাদমাধ্যমকে স্মরণ করিয়ে দিয়েছে, তারা যেন তাদের দেশের সরকারের অনুসৃত ‘এক চীন’ নীতি থেকে বিচ্যুত না হয়। তাইওয়ানের জাতীয় দিবসের মাত্র দিনতিনেক আগে পাঠানো ঐ চিঠিতে ভারতের মিডিয়াকে চীন বলেছে, তাইওয়ানকে যেন কিছুতেই একটি আলাদা দেশ বলে উল্লেখ না করা হয় এবং তাইওয়ানের নেতাকেও যাতে ‘প্রেসিডেন্ট’ বলে অভিহিত না করা হয়।

গত কয়েক মাস ধরেই ভারত-চীন সীমান্তে সামরিক উত্তেজনা চলছে, জুন মাসে লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণও হারিয়েছেন। তার মধ্যেই এই প্রথমবারের মতো চীনের পক্ষ থেকে ভারতীয় মিডিয়াকে এই ধরনের চিঠি দেওয়া হল। দিল্লিতে চীনা দূতাবাসের প্রেস সেকশন থেকে পাঠানো ঐ চিঠিতে ভারতীয় সংবাদমাধ্যমকে মনে করিয়ে দেওয়া হয়েছে, তাইওয়ান ‘চীনের সার্বভৌম ভূখণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ’। প্রতি বছরের ১০ অক্টোবর তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করে থাকে। এদিকে চীনা দূতাবাসের চিঠি পাওয়ার পর ভারতের বড় বড় মিডিয়া হাউজ বা সংবাদপত্র গোষ্ঠীগুলো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। -বিবিসি