বাকেরগঞ্জে শত্রুতার জেরে চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলার অভিযোগ স্বজনদের

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে। শিশুদের স্বজনরা জানান, তারা ধর্ষণের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। আর তাদের বয়স মামলায় উল্লেখিত বয়সের চেয়েও কম।

এদিকে, ঐ চার শিশুকে গত বুধবার বিকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলি আদালতে হাজির করা হয়। বিচারক মো. এনায়েত উল্লাহ তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলো :সাইদুল ইসলাম (১১), সোলায়মান ইসলাম তামিম (১০), হাফিজুল ইসলাম লাবিব (১০) এবং শাওন হাওলাদার (১০)।

এদিকে মামলা ফয়সালা না হওয়া পর্যন্ত ঐ চার শিশুকে বাবা-মায়ের জিম্মায় দেওয়ার দাবি জানিয়েছেন বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা। সুশীল সমাজের একাধিক নেতা জানান, স্পর্শকাতর বিষয়টি প্রশাসনকে আরো খতিয়ে দেখতে হবে। এই শিশুদের বাবা-মায়ের জিম্মায় দেওয়া উচিত। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হক জানান, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামের এক শিশুর পিতা বাদী হয়ে চার শিশুর বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, খেলার কথা বলে গত রবিবার বিকালে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুকে ধর্ষণ করে ঐ চার শিশু।