বুয়েটের আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১৫

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ (২২) হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন মামলার রেকর্ডিং অফিসার চকবাজার থানার পুলিশ পরিদর্শক মো. সোহরাব হোসেন ও বুয়েটের শেরে বাংলা হলের ক্যান্টিন বয় মো. জাহিদ হোসেন জনি। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান সাক্ষ্যগ্রহণ করেন। এ নিয়ে এ মামলায় চার জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো। আগামী রবিবার এই মামলার সাক্ষ্য দেবেন বুয়েটের চিকিত্সক ডা. মাশুক এলাহী।

গতকাল জবানবন্দিতে জাহিদ হোসেন জনি বলেন, তিনি বুয়েটের শেরেবাংলা হলের ক্যান্টিন বয়। গত বছরের ৬ অক্টোবর দিবাগত রাতে ক্যান্টিন বন্ধ হওয়ার পর রাত ১টার দিকে ইফতি মোশাররফ সকাল ভাই আমাকে ২০১১ নম্বর রুমে ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি তার রুমের মেঝে ও বালিশে বমি। সকাল ভাই আমাকে তা পরিষ্কার করতে বলে এবং সকালে ক্যান্টিনে গিয়ে আমাকে টাকা দেবে বলে জানায়। সে অনুযায়ী আমি বমি পরিষ্কার করি। এরপর রাত সাড়ে ৩টার দিকে শেরেবাংলা হলের নিচে একজনের লাশ দেখি। পরে জানতে পারি ঐ লাশটি বুয়েটের শেরেবাংলা হলের ছাত্র আবরারের।