নিজেদের অধিকার ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে মানুষ :ফখরুল

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১৭

নারী ধর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সারা দেশে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ শুধু নারী ও শিশুদের রক্ষার জন্য নয়, নিজেদের অধিকার ও দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে। এ দেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না। অত্যাচারী স্বৈরাচার সরকারের কাছেও মাথা নত করেনি। দেশের মানুষ বারবার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। যুবারা, তরুণেরা তাদের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন কর্মসূচি শুধু প্রেসক্লাবের সামনে সীমাবদ্ধ রাখলে চলবে না। সারা দেশে আন্দোলন ছড়িয়ে দিতে হবে।’

নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত  মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ।

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় এই সমাবেশ হয়। মির্জা ফখরুল বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সরকার ক্ষমতা দখল করেছে। সরকারকে এখন মানুষ ভয় পায় না। মানুষ ভয় পায় পুলিশকে। পুলিশ তো এখন আওয়ামী লীগ সরকারকে বলে, ‘দেশের মালিক আমরা।’ তাহলে সরকার কীভাবে পুলিশকে বলবে দেশে চলমান ধর্ষণ-গণধর্ষণ, নারী নির্যাতন, অন্যায়-অবিচার, মাদক কারবারি নিয়ন্ত্রণ করতে?