২ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে বাংলাদেশি যাত্রীরা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১৮

৯ বছর আগে আবুধাবি বিমানবন্দরে হয়রানির জন্য বাংলাদেশের দুই যাত্রীকে ১ কোটি করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে রিট আবেদনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট রিপন বাড়ৈ এবং অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। ইতিহাদের কান্ট্রি ম্যানেজারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি ও মো. আজিজ উল্লাহ ইমন।

বাংলাদেশি যাত্রী তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথী ২০১১ সালের ২৮ জুন কানাডা যাচ্ছিলেন ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমানে। আবুধাবি বিমানবন্দরে কোনো একটি বিষয়ে তাদের সঙ্গে বাগিবতণ্ডা হয় এয়ারলাইনসটির কর্মকর্তাদের এবং এর জের ধরে ঐ বিমান সংস্থার কর্মকর্তারা তাদের অনেকক্ষণ ধরে আটকে রাখেন ও পরে ঢাকায় ফেরত পাঠান। ঘটনাটি পরে গণমাধ্যমে প্রকাশিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান। কিন্তু নোটিশের কোনো জবাব না আসায় ঐ বছরের জুলাইয়ে তিনি একটি রিট পিটিশন দাখিল করেন।

মনজিল মোরসেদ গণমাধ্যমকে বলেন, দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত ইতিহাদকে যাত্রীদের দুই জনকে ১ কোটি করে টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। এ টাকা আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।