রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে আইন ও বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে ধর্ষণের বিরুদ্ধে ‘সর্বোচ্চ অবস্থান’ নিশ্চিতের দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
রওশন বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে দেশে প্রচলিত আইনে যদি কোনো দুর্বলতা থাকে তবে তা এখনই শুধরাতে হবে। দেশ জুড়ে একের পর এক বীভত্স ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে। এখনই সময় সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে আইন ও বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান—এই বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য দেশে একাধিক আইন আছে। আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। আলাদা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে। তার পরও স্পষ্ট যে, বর্তমান আইনি কাঠামো এসব অপরাধ দমনে কার্যকর হচ্ছে না। আইনি কাঠামো কার্যকর করতে হলে ধর্ষণের ক্ষেত্রে আইন ও বিচার ব্যবস্থায় দুর্বলতা থাকলে সেটি শুধরাতে হবে। কোনো নারী ও শিশু নির্যাতনের শিকার হলে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি উন্নত মূল্যবোধের চর্চায় গুরুত্ব বাড়াতে হবে। অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি নৈতিকতার চর্চা ও সামাজিক আন্দোলন নারী ও শিশু নির্যাতন রোধে সহায়ক হবে।
