হাইকোর্টের নির্দেশে রাতে বসল আদালত, ধর্ষণ মামলায় জামিনে মুক্ত চার শিশু

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:০২

বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের মামলায় গ্রেফতার চার শিশুকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় বসে বরিশালের শিশু আদালত। শুনানি নিয়ে ঐ শিশুদের জামিন মঞ্জুর করেন বিচারক আবু শামীম আজাদ। রাতেই ঐ জামিন আদেশ পাঠানো হয় যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে। এরপর তাদের সেখান থেকে মুক্তি দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বাকেরগঞ্জে পাঠানো হয়। এই শিশুদের বয়স ছয় থেকে ৯ বছর।

রবিবার ছয় বছরের প্রতিবেশী মেয়ে শিশুর সঙ্গে বাড়ির পাশের বাগানে খেলছিল ঐ চার শিশু। তাদের আসামি করে মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে ঐ মেয়ে শিশুর বাবা। পরে ঐ চার শিশুকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ। বুধবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলি আদালতের বিচারক এনায়েত উল্লাহ তাদের জামিন নামঞ্জুর করে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন রাত ৯টার দিকে বিচারপতি  মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চের নজরে আসে। এর পরই হাইকোর্ট ঐ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী ১১ অক্টোবর তলব করেছেন। একই সঙ্গে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঐ চার শিশুকে তাদের অভিভাবকসহ ঐ দিন হাজির থাকতে বলেছেন।

এছাড়া বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে একই দিন সাড়ে ১০টার মধ্যে শিশুর ধর্ষণ সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ঐ চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে যশোর জেলা প্রশাসককে নির্দেশ দেন। এর পরই হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান উচ্চ আদালতের ঐ আদেশ বরিশালের শিশু আদালতের বিচারক, জেলা প্রশাসক, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ থানার ওসিকে টেলিফোনে অবগত করেন।