সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্মম নির্যাতনের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত ৭ অক্টোবর (বুধবার) এ পরিদর্শন করেন তারা।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, লিগ্যাল এডভোকেসি ও লবি পরিচালক অ্যাড.মাকছুদা আখতার, এডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী ও অ্যাড. ফাতেমা খাতুনসহ ৪ জনের একটি প্রতিনিধিদল নোয়াখালীর বেগমগঞ্জে তথ্যানুসন্ধানে যান।
প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমের বাবা,চাচা ও স্থানীয়দের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে সবসময় সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।এ সময় ভিকটিমের বাবা কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে, দীর্ঘ দিন ধরে মামলার আসামিরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং এর ফলে পরিবারটি নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। সন্ত্রাসীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
আরও পড়ুন: বিমানের আয়ের ৩০০ কোটি টাকা লোপাট, অনুসন্ধানে দুদক
ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রতিনিধিদল নোয়াখালী জেলার জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এবং বেগমগঞ্জ থানার ওসি মো. হারুন অর রশিদ চৌধুরীর সাথে সাক্ষাত করে বেগমগঞ্জে নারীর ওপর নির্যাতনের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে নারী ও কন্যা নির্যাতনের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন এবং স্মারক লিপি প্রদান করেন। একইসাথে প্রেসক্লাবে ও স্মারকলিপি প্রদান করা হয়। তথ্য অনুসন্ধানের জন্য দলের সঙ্গে থেকে সার্বিক কর্মকাণ্ডে সহযোগিতা করেন বেগমগঞ্জ এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড.এমদাদ হোসেন কৈশোর।
মহিলা পরিষদের পক্ষ থেকে ভিকটিমের পরিবারকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তবে বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেও ভিকটিমের সাথে দেখা করা যায়নি।
ইত্তেফাক/এএএম
