করোনার সবচেয়ে মৃদু উপসর্গে আক্রান্ত রোগীরাও কয়েক মাস পর্যন্ত অসুস্থ থাকতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের গবেষকরা। ফ্রান্সের ট্যুরস ইউনিভার্সিটি হসপিটালের এই গবেষকরা এই গবেষণা করেছেন। সোমবার এই গবেষণাটি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশন সাময়িকীতে প্রকাশিত হয়।
গবেষণায় মার্চ থেকে জুন পর্যন্ত ১৫০ জন মৃদু থেকে মাঝারি উপসর্গে ভোগা করোনা রোগীদের পর্যবেক্ষণ করা হয়। এতে বলা হয়, এই সব রোগীদের দুই-তৃতীয়াংশের মধ্যেই ৬০ দিন পর্যন্ত করোনার লক্ষণ দেখা গেছে। আর এক তৃতীয়াংশ রোগীর যখন করোনভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল ওই সময়ের চেয়ে পরে অবস্থা আরো গুরুতর হয়েছে।
গবেষণায় আরো বলা হয়েছে যে ৪০ থেকে ৬০ বছর বয়সী ভোগা রোগীদের মধ্যেই করোনার লক্ষণ দীর্ঘ সময় ধরে দেখা গেছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
গবেষকরা বলছেন যে সেরে ওঠার পর ৬৬ শতাংশ পূর্ণবয়স্ক রোগীই ৬২ টি করোনা পরবর্তী শারীরিক সমস্যাগুলোর মধ্যে কমপক্ষে একটিতে ভোগার কথা উল্লেখ করেছেন। এই শারীরিক সমস্যাগুলোর বেশিরভাগই ছিল স্বাদ এবং গন্ধ হারিয়ে ফেলা, শ্বাসকষ্ট, অবসাদ।
এ বিষয়ে গবেষণা দলের সদস্য ক্লোদিয়া কারভালহো-স্নাইডার এবং তার সহকর্মীরা লেখেন, আমরা এই রোগের বিবর্তন মূল্যায়ন করতে পেরেছি এবং দেখাতে সক্ষম হয়েছি । করোনা থেকে সেরে উঠার পরেও দীর্ঘ সময় একজন রোগীকে ভোগান্তি পোহাতে হতে পারে।
ইত্তেফাক/এআর
