করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৪:১৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষাশেষে রাত ১০টায় তাকে পজেটিভ রিপোর্ট দেয়া হয়।

এ বিষয়ে শুক্রবার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মো. নুর খান জানান, ৭ অক্টোবর স্যারের ১০০ ডিগ্রির মতো জ্বর আসে। গতকাল তিনি ও তার স্ত্রীর নমুনা করোনা পরীক্ষার জন্য নেয়া হয়। এতে তার রিপোর্ট পজেটিভ এবং তার স্ত্রীর রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়।

নুর খান বলেন, রিপোর্টের খবর শুনেই স্যারকে পাঁচলাইশ পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে। জ্বর কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। তারপরও বয়সের বিষয়টিকে মাথায় রেখে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি