করোনাকালের দিনপঞ্জি ১৮

আবার স্বাভাবিক সময় ফিরে পাব আমরা : নুর নামান খান

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৫:০০

প্রিয় বন্ধুরা, আমি নুর নামান খান| পড়াশোনা করছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে। আমি তোমাদের সাথে আজ শেয়ার করব করোনাকালীন এ সময়ে আমার দিনযাপনের কথা।

বর্তমান পরিস্থিতি আসলে কারো জন্যই স্বাভাবিক নয়। তবুও ভালো থাকার চেষ্টা করছি। এ সময় আমি সবচাইতে বেশি মিস করছি আমার স্কুল আর বন্ধুদের। অনলাইনে নিয়মিত ক্লাস করছি। কিন্তু সরাসরি দেখা হওয়ার আনন্দ তো আর অনলাইনে পাওয়া যায় না। এ সময়ে আমি কেক বানানো শিখেছি। মা আমাকে কেক বানানো শিখিয়েছেন। আর বাবা শিখিয়েছেন মুক্ত আকাশে ঘুড়ি ওড়ানো।

করোনার এ সময়ে আমি কোরআন খতম দিয়ে সবার জন্য দোয়া করেছি। আমার আগে থেকেই একটা গেমিং ইউটিউব চ্যানেল ছিল। ওটাতে নতুন নতুন গেম আপলোড করছি। যেহেতু বন্ধুদের সাথে সচরাচর দেখা হয় না, তাই আমরা একটা অনলাইন গ্রুপ ওপেন করেছি-যেখানে বন্ধুরা গল্প করি, একসাথে পড়াশোনাও করি। বিকেলে ছাদে গিয়ে ঘুড়ি উড়াই। এভাবেই আমার দিন কাটে।

এবার আমি ঈদের টাকা পাঠিয়েছি আমাদের গ্রামের বাড়িতে, কিছু অসহায় পরিবারের জন্য। কারণ করোনার কারণে কিছু মানুষের জন্য জীবনধারণ খুব কঠিন হয়ে পড়েছে।

করোনার দিন নিশ্চয়ই একদিন শেষ হবে। মহান আল্লাহপাক অবশ্যই এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করবেন। আবার সুন্দর ও স্বাভাবিক সময় ফিরে পাব আমরা। ততদিন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কচি-কাঁচার আসরকে আন্তরিক ধন্যবাদ আমাকে আমার কথাগুলো সবার মাঝে বলার সুযোগ করে দেওয়ার জন্য।