বকশীগঞ্জে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, স্বামী গ্রেফতার

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৭:৩৩

বকশীগঞ্জে বন্ধুকে দিয়ে জোরপূর্বক নিজের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী রাশেদ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ধর্ষক মোশারফ হোসেন পলাতক রয়েছে। বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদের চর গ্রামে এই ঘটনা ঘটে। রাশেদ মিয়া উপজেলার বিনোদের গ্রামের মণ্ডল মিয়ার ছেলে ও মোশারফ মিয়া পাগলাপাড়া গ্রামের নেহাল মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, টাকার লোভে দীর্ঘদিন যাবত লম্পট স্বামী রাশেদ তার স্ত্রীকে অন্য মানুষের সাথে অনৈতিক কাজ করার জন্য চাপ দিয়ে আসছিলো। অনৈতিক কাজ করতে রাজি না হওয়ায় স্ত্রীকে শারীরিক নির্যাতন করে লম্পট স্বামী রাশেদ। গত বুধবার রাতে বন্ধু মোশারফকে ডেকে এনে অনৈতিক কাজের জন্য চাপ সৃষ্টি করে রাশেদ। পরবর্তীতে লম্পট স্বামীর সহায়তায় জোরপূর্বক স্ত্রীকে ধর্ষণ করে মোশারফ হোসেন। এই ঘটনা কাউকে জানালে কিংবা অভিযোগ দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় রাশেদ। 

আরো পড়ুনঃ কেশবপুরে প্রতারণা করে যুবতীকে ধর্ষণ, আটক ১

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকিকুল হোসেন জানান, অভিযোগের পরেই অভিযান চালিয়ে রাশেদ মিয়াকে গ্রেফতার করা হয়। অপর আসামী ধর্ষক মোশারফ হোসেনকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ধর্ষিতার স্বামী রাশেদ মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ ও ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ইত্তেফাক/এমএএম