সুখবর দিলেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাতে ফেসবুকে বেবি বাম্পসহ ছবি দিয়ে আনন্দের খবরটি সবাইকে জানান পিয়া।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যের আগমনের অপেক্ষা করছি। ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন সমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পিয়া। এই দম্পতির এটি প্রথম সন্তান।
পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন।
২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ইত্তেফাক/বিএএফ
