কোয়ারেন্টাইনে আছেন
অর্ধশত শিল্পী-কুশলী
একসঙ্গে একাধিক তারকা শিল্পীর করোনা পজিটিভ হওয়ার খবর সব ক্ষেত্রে আবারো নতুন করে ভীতিকর অবস্থার জন্ম দিয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত প্রায় ২০ জন তারকা। এর ভেতরে অনেকেই গণমাধ্যমে নাম প্রকাশ করতে চাইছেন না নানা সামাজিক ভয় বা ব্যক্তিগত ইচ্ছেই
তানভীর তারেক
শোবিজে এমনটা হওয়ার আশঙ্কা করছিলেন অনেকেই। অবশেষে তাই ঘটলো। বর্তমানে চলচ্চিত্র, নাটক ও সংগীতের পেশাজীবী প্রায় অর্ধশতেরও বেশি শিল্পী-কলাকুশলী কোয়ারেন্টাইনে আছেন। শোবিজ ইন্ডাস্ট্রির অনেকেই করোনা আক্রান্ত। ফলে ভীতি ছড়াচ্ছে ক্রমশ। প্রথমদিকে নাট্য সংগঠনগুলো তাদের শুটিং স্থগিত রাখলে নাটকের ক্রুদের আর্থিক সঙ্কট তীব্র হয়। ফলে শর্ত সাপেক্ষে শুটিং শুরু হয়। সংগীতের ক্ষেত্রেও শিল্পী-কলাকুশলীদের নানা সঙ্কটের কথা শোনা গেছে। অনেক মিউজিশিয়ানই নিজেদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। ছেড়েছেন ঢাকা শহর!
কিন্তু এত ঘটনা আর সাবধানতা অবলম্বনের পর নিউ নরমাল হয়ে যখন তারা আবার কাজে ফিরলেন। তখনই একে একে করোনা আক্রান্তের খবর পাওয়া শুরু হলো। এর ভেতরে নানা রোগভোগে থাকা বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চুও করোনা আক্রান্ত হয়েই মারা গেলেন। মৃত্যুবরণ করেছেন একাধিক গুণী শিল্পী। বিচ্ছিন্নভাবে বিভিন্ন অঙ্গনের তারকাদের করোনা আক্রান্তের খবর পাওয়া গেলেও একসঙ্গে একাধিক তারকা শিল্পীর করোনা পজিটিভ হওয়ার খবর সব ক্ষেত্রে আবারে নতুন করে ভীতিকর অবস্থার জন্ম দিয়েছে। বর্তমানে করোনা আক্রান্ত প্রায় ২০ জন তারকা। এর ভেতরে অনেকেই গণমাধ্যমে নাম প্রকাশ করতে চাইছেন না নানা সামাজিক ভয় বা ব্যক্তিগত ইচ্ছেই। করোনা আক্রান্ত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, হামিন আহমেদ, আনিসুর রহমান মিলন, তাহসান, তানজিন তিশাসহ অনেকেই। বিএলসিপিএস-এর প্রধান নির্বাহী রক লিজেন্ড হামিন আহমেদ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি জানান, প্রথম ধাক্কা সামলিয়ে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন মাস দুয়েক আগে করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীর অভিনয় করেন। চয়নিকা চৌধুরীর নির্মাণে সেই নাটকের গল্পই যেন বাস্তবে রূপ নিলো মিলনের জীবনে। করোনা আক্রান্ত মিলন বলেন, ‘শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। পরে করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। সবার কাছে দোয়া চাই।’ সময়ের ব্যস্ত অভিনেতা তাহসান ও তানজিন তিশা টিভি নাটক কিংবা ওয়েব সিরিজের প্রধান চাহিদা থাকেন। গত ৫ মাসে একাধিক নাটকের প্রস্তাব তাদের ফেরাতে হয়েছে। শেষ দু-মাসে পুরো নাটকের ক্রুদের পিপিই পরিয়ে শুটিং করেছেন তাহসান। কিন্তু এত সাবধানতার পরও করোনা পজিটিভ। বর্তমানে আইসোলেশনে আছেন তাহসান।
দুটো নাটকের প্রডাকশনের অনেকেই করোনা পজিটিভ। তিনি বলেন, ‘সবার এত সহমর্মী আচরণ ভীষণ আবেগী করে তুলছে আমাকে। সবার কাছ থেকে দোয়া চাই।’ এদিকে অতি সম্প্রতি করোনায় ভুগে সুস্থ হয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রবি চৌধুরী, এসআই টুটুল, কৌশিক হোসেন তাপস, ফারজানা মুন্নি, ধ্রুব গুহসহ অনেকেই। তারকাদের বাইরে শুটিং ইউনিটের কর্মীদেরও আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। নিউ নরমাল সময়ে নাটক বা ফিল্মের গোটা ইউনিটের এত সাবধানতার পরও অর্ধশত তারকা-কলাকুশলী কোয়ারেন্টাইনে আছেন। তাই এই আশঙ্কায় আগামী দিনের নাটক বা ধারাবাহিকের কাজগুলো নিয়েও প্রযোজক, নির্মাতা, চ্যানেল কর্মকর্তারা শঙ্কা প্রকাশ করছেন।
