করোনার পরীক্ষা দিলেন ক্রিকেটাররা
স্পোর্টস রিপোর্টার
আগামীকাল মাঠে গড়াচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে লড়বে দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে গড়া তিনটি দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সাতটি ম্যাচ। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়।
টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল তিন দলের ৫৪ ক্রিকেটারের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। গতকাল রাতেই রিপোর্ট পেয়ে যাওয়ার কথা সবার। নেগেটিভ রিপোর্ট পাওয়া ক্রিকেটাররা আজ বিকালে হোটেল সোনারগাঁয়ে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। তিন দলের ৪৫ ক্রিকেটারই মূলত হোটেলে উঠবেন। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটাররা বিসিবি একাডেমি ভবনে অবস্থান করবেন।
গতকাল ক্রিকেটার ছাড়াও কোচ, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারিসহ প্রায় ১০০ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট সবাই জৈব সুরক্ষা বলয়ের মাঝে থাকবেন।
মিরপুর স্টেডিয়ামে আজই তিন দলের দলগত অনুশীলন শুরু হবে। আগামীকাল প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল শান্ত একাদশ। তিনটি দলের কোচ হিসেবে থাকবেন ওটিস গিবসন, রায়ান কুক ও এইচপির নব নিযুক্ত কোচ টবি র্যাডফোর্ড। তাদের সহকারী হবেন তিন দেশীয় কোচ।
