নারী ফুটবল
স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের ছোবলে সেই মার্চ থেকেই থমকে আছে দেশের ক্রীড়াঙ্গন। নারী ফুটবলও ব্যতিক্রম নয়। তবে নারী ফুটবল অঙ্গনে সে নিস্তব্ধতা ভাঙছে আজ। কমলাপুর স্টেডিয়ামে আজ থেকে কোচ গোলাম রাব্বানীর অধীনে অনুশীলনে নামছেন মারিয়া মান্ডা-সানজিদারা।
আসছে বছরে এএফসি অনূর্ধ্ব ১৭ ও ২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। তার প্রস্তুতির লক্ষ্যেই মূলত অনুশীলনে ফেরা। তবে তার আগে পূর্বশর্ত মেনে গত ৩ ও ৪ অক্টোবর বাফুফের অনুমোদিত হাসপাতালে খেলোয়াড় সহ সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়। তাতে ৩৩ সদস্যের সবাই নেগেটিভ প্রমাণিত হন। তার পরই গত বৃহস্পতিবার নারী ফুটবলাররা সবাই বাফুফে ভবনে নিজেদের ক্যাম্পে ফেরেন।
গতকাল শুক্রবার বিশ্রামে ছিল পুরো দল। আজ শনিবার অবশেষে অনুশীলনে ফিরছে কোচ গোলাম রাব্বানীর শিষ্যরা।
