ভারতকে ছাড় দেওয়ার বিপক্ষে বোর্ডার

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যত দূর জানা যাচ্ছে, এই সফরটায় সময়সূচি ঠিক করতে ভারতের চাহিদা অনুযায়ী বেশ কিছু ঐতিহ্যগত ব্যাপারে ছাড় দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আর এক্ষেত্রেই সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালান বোর্ডার বলেছেন, চাপের মুখে এরকম ছাড় দেওয়া ঠিক হবে না।

অস্ট্রেলিয়ায় সব সময় সফরকারী দলের বিপক্ষে প্রথম টেস্ট হয় ব্রিজবেনে। কিন্তু এবার ভারতের অনুরোধে এই প্রথম টেস্টটা এডিলেডে হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে তীব্র আপত্তি করেছেন বোর্ডার, ‘অনেক বছর ধরেই আমাদের প্রথম টেস্ট হয়ে আসছে ব্রিজবেনে। এখন ভারত এখানে প্রথম ম্যাচ খেলতে চায় না। আমাদের স্রেফ বলা উচিত, এই তারিখে এই ভেন্যুতে ম্যাচ হবে। খেলা কখন ও কোথায় হবে, এসব নিয়ে আমাদের এক ইঞ্চি ছাড় দেওয়াও উচিত নয়।’

আরেকটি পরিবর্তন আসতে পারে। বছরের প্রথম টেস্ট অস্ট্রেলিয়া ৩ থেকে ৫ জানুয়ারির মধ্যে শুরু করে। কিন্তু সিডনির সেই টেস্ট এবার ৭ জানুয়ারি শুরু হতে পারে। এ ব্যাপারেও বোর্ডার বলেছেন, ‘আমার মনে হয় না, এই জায়গাটিতে আলোচনা বা দরকষাকষির সুযোগ থাকা উচিত। হ্যাঁ, করোনা ভাইরাসের বৈশ্বিক বাস্তবতার কারণে যদি সূচিতে এদিক-সেদিক হয়, তাহলে তা ঠিক আছে। কিন্তু স্রেফ বক্সিং ডে টেস্ট ও বর্ষ শুরুর টেস্টের মধ্যে বাড়তি কিছু বিরতির জন্য সূচিতে বদল আনা ফালতু ভাবনা।’