বরিশাল অফিস
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে হামলার ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান ও পনি। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম। তিনি জানান, ব্রজমোহন কলেজের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়। এরা সকলেই কলেজের আশপাশের এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২৫-৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষ তছনছ করে। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে। এ ঘটনায় বাচ্চু ২০/২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
