কমলগঞ্জে ২৩ চা বাগানে দুই ঘণ্টা কর্মবিরতি

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:২৭

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উত্সব বোনাসের দাবিতে শুক্রবার কমলগঞ্জে ২৩টি চা-বাগানে শ্রমিকরা বিক্ষোভ ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে শমশেরনগর বাজার চৌমুহনায় এসে প্রতিবাদ সভা করে। জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মনু-ধলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মাসিক চা-মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, শমশেরনগর চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ।

একইভাবে আলীনগর চা-বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে এসে হালিমা বাজারে সড়ক অবরোধ করে পথসভা করে। এতে বক্তব্য রাখেন আলীনগর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গনেশ পাত্র, সঞ্জয় চৌহান, উত্তম নুনিযা, চন্দন বাগতি প্রমুখ। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, অবিলম্বে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে সঙ্গে উত্সব বোনাস প্রদান করতে হবে।