রাতের কক্সবাজারের সৌন্দর্য বাড়াবে গোলদীঘির ওয়াটার মিউজিক্যাল শো

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:৪৯

সায়ীদ আলমগীর, কক্সবাজার

কক্সবাজারে বেড়াতে এসে দিনের বেলা সৈকতের বালিয়াড়িতে দাপিয়ে বেড়ানোর পর রাতের শহরকে উপভোগ করতে কক্সবাজারে উন্মুক্ত হয়েছে গোলদীঘি পুকুরটি। পর্যটকসহ স্থানীয়রা ছুটে আসছেন গোলদীঘি পুকুরের ‘ওয়াটার মিউজিক্যাল শো’ উপভোগ করতে।

২০১৯ সালে শহরের তিনটি দীঘিকে সংস্কার করে দৃষ্টিনন্দন বিনোদন স্পট হিসেবে গড়ার কাজ শুরু করেছিল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। শুরুতে নানা প্রতিবন্ধকতায় কাজ আটকে থাকলেও অবশেষে শেষ হয়েছে গোলদীঘি পুকুরের সংস্কার প্রকল্পের কাজ। বৃহস্পতিবার রাত ৯টায় ‘ওয়াটার মিউজিক্যাল শো’র মাধ্যমে পর্যটক ও স্থানীয়দের জন্য উন্মুক্ত করা হয়েছে দৃষ্টিনন্দন গোলদীঘি পুকুরটিকে। উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত লালদীঘি, গোলদীঘি ও বাজারঘাটা পুকুরের সৌন্দর্যবর্ধন কক্সবাজারের পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।