ধর্ষণবিরোধী বিক্ষোভে উত্তাল নারায়ণগঞ্জ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:২৪

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার আইন পাশের দাবিতে গতকাল শুক্রবারও নারায়ণগঞ্জ উত্তাল ছিল। ছাত্রদল, উদীচী, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মিছিল, বিক্ষোভ করে। গণসংহতি নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার বিকালে দেওভোগে শেখ রাসেল নগর পার্কে গণসংলাপ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে পুলিশ বাধা দিলে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রাস্তা বন্ধ করে মিছিল করায় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ওয়ার্কার্স পার্টি চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে শুক্রবার সমাবেশের পূর্ব অনুমতি নেন। কিন্তু এদিনও টানা চার দিনের মতো সকাল থেকে সেখানে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিলেন ফারহানা মুনা ও তার অনুগামীরা। বিকাল ৪টা বাজলেও তারা শহিদ মিনার থেকে না উঠায় বাধা দেয় পুলিশ। ঐ সময়ে পুলিশ এসে মুনাকে উঠে যাওয়ার অনুরোধ করলেও তারা উঠে যায়নি। এ নিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তারা শহিদ মিনার থেকে সরে যান। বিকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল —বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকালে উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়।

আশুলিয়ায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, গার্মেন্টস শ্রমিক নির্যাতন ও দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ এবং নারী হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি জানান, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সাধারণ মানুষ ও স্থানীয় শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও একাত্মতা ঘোষণা করেন।