ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা। গ্রেফতারকৃতের নাম মো. ইসমাইল (৪৫)। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে তল্লাশি করে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হওয়া ইসমাইল হোসেন দীর্ঘদিন সীমান্ত এলাকা থেকে ইয়াবা বিশেষ কৌশলে ঢাকায় এনে বিক্রি করছিল। তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
