সাভারে ব্যাটারি কারখানায় আগুন

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

সাভারের একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকার টংলি পাওয়ার লিমিটেড নামক চায়না মালিকানাধীন ব্যাটারি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। পরে ছয়টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পরে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আশুলিয়ার ডিইপিজেডে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কিন্তু কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে।