দনিয়ায় করোনা ভয়কে জয় করে দুই দিনের নাট্যমেলা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর এক প্রান্তে দনিয়ায় শুরু হয়েছে দুদিনের নাট্যমেলা। ‘ভয়কে জয় করে নাটক’ স্লোগানে দনিয়া স্টুডিও থিয়েটার হলে আয়োজিত এ উত্সবে আটটি নাটক প্রদর্শিত হবে। স্বাস্থ্যবিধি মেনে মিলনায়তনের আসনসংখ্যার এক তৃতীয়াংশ ব্যবহার করে প্রতিদিন চারটি করে নাটক দেখার সুযোগ রাখা হয়েছে উত্সবে। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয়েছে চারটি প্রযোজনা। আর এক টিকিটে নাট্যপ্রেমীরা এক সঙ্গে উপভোগ করেছেন সবকটি নাটক। দনিয়া থিয়েটার আয়োজিত এ নাট্যমেলায় সহযোগিতা করেছেন দনিয়া সাংস্কৃতিক জোট ও দনিয়া পাঠাগার।

শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকি। সম্মানিত অতিথি হিসেবে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় নাট্য প্রদর্শনী। প্রথমেই মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা শ্রাবণ ট্র?্যাজেডির অংশবিশেষ। আনন জামানের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন। এরপর মঞ্চস্থ হয় আরো তিনটি নাটক। মনোজ মিত্রের রচিত ও হামিদুর রহমান পাপ্পুর নির্দেশিত ‘প্রভাত ফিরে এসো’ শীর্ষক নাটক পরিবেশন করে শৌখিন থিয়েটার। মঞ্চস্থ হয় রমানাথ রায় রচিত ও নিয়াজ আহমেদ নির্দেশিত মৈত্রী থিয়েটার প্রযোজনা ‘চা অথবা কফি’। এইচ আর অনিকের রচনা ও তারিকুল ইসলাম সবুজের নির্দেশনায় মঞ্চস্থ হয় সায়াহ্নিকা থিয়েটারের নাটক ‘বসন্তের কুটুম’।

আজ শনিবার উত্সবের সমাপনী দিন। এ দিন উত্সবে মঞ্চস্থ হবে কথক থিয়েটারের প্রযোজনা ‘নিঃশ্বাস’, চন্দ্রকলা থিয়েটারের প্রযোজনা ‘শেখ সাদী’, নাট্যযোদ্ধার প্রযোজনা ‘অসমাপ্ত’ ও শব্দ নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনা ‘বীরাঙ্গনার বয়ান।’