কিশোরগঞ্জের সংগীতাঙ্গনের প্রিয় মুখ আনতারা মুকাররমা (১৮) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন আনতারা। মেয়েকে বাঁচাতে তার মা ট্রেন থেকে লাফ দিলেও শেষ পর্যন্ত মেয়ের জীবন বাঁচাতে পারেননি। ট্রেনে কাটা পড়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মায়ের সঙ্গে ঢাকায় অসুস্থ খালাকে দেখতে যাওয়ার কথা ছিল আনতারার। ভোর সাড়ে ৬টায় ছিল এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেন। দেরি করে স্টেশনে পৌঁছে দেখেন ট্রেন ছেড়ে দিয়েছে। মাকে ট্রেনে তুলে দিয়ে ব্যাগ তুলছিলেন। এর পর নিজে উঠতে গিয়ে পা পিছলে চলে যান ট্রেনের নিচে। মেয়ের ট্রেনের নিচে চলে যাওয়ায় মা-ও লাফ দেন চলন্ত ট্রেন থেকে। এর পর ট্রেন থামানো হলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
আনতারা মোকাররমা কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার বাসিন্দা মোকাম্মেল হকের মেয়ে। গুরুদয়াল সরকারি কলেজ থেকে গত বছর এইচএসসি পাশ করেন। আনতারা মোকাররমা কিশোরগঞ্জে জাতীয় ও স্থানীয়সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী হিসেবে অংশগ্রহণ করতেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার আতাউল করিম জানান, মেয়েকে ট্রেনের নিচে পড়া দেখে তার মা আছমা বেগম যেভাবে ট্রেন থেকে লাফ দেন, এটা ঠিক হয়নি। এতে তিনিও বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারতেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি হয়তো তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মোকাররমার মৃতদেহ তার পরিবারকে বুঝিয়ে দিয়েছে।
গফরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে
পড়ে যুবকের মৃত্যু
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেল স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো পরিধেয় বস্ত্র ছিল না।
মশাখালী রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মশাখালী স্টেশনের ২০০ গজ দক্ষিণে স্টেশনের আউটার সিগনালের কাছে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
একই কায়দায় গত ২২ সেপ্টেম্বর রাতে গফরগাঁও রেল স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে এক অজ্ঞাতনামা যুবককে এবং ২৫ সেপ্টেম্বর সকালে মশাখালী রেল স্টেশন এলাকায় এনামুল (১২) নামে এক কিশোরকে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
