লালমনিরহাটে কালীগঞ্জের চাপারহাটে এক আইনজীবীকে সিনেমা স্টাইলে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে মৃত ভেবে ফেলে যাওয়ার পর স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন ঐ আইনজীবীর অবস্থা আশঙ্কাজনক। তার নাম আহসান হাবিব সবুজ (৪৫)।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে দুই-তিনটি মোটরসাইকেলে চেপে একদল মুখোশধারী যুবক সবুজকে বাড়ির বাইরের বৈঠকখানার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তারা ভেবেছিল তিনি মারা গেছেন। বাড়ির ভেতরে থাকা লোকজন পরবর্তী সময়ে বাইরে বের হয়ে দেখতে পায় সবুজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন তিনি। এদিকে একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে নিতে রাজনৈতিক খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তার স্বজনরা অভিযোগ করেন। চাপারহাটের উত্তর বত্রিশ হাজারি গ্রামের মো. মজির উদ্দিন আহম্মেদের ছেলে অ্যাডভোকেট মো. আহসান হাবিব সবুজ।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আকমল হোসেন আহম্মেদ জানান, আইনজীবীর ওপর দুর্বৃত্তদের হামলায় ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। হামলাকারী যেই হোক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর ফারুক জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেনি। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
