করোনা আক্রান্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:৩৮

মিরসরাই উপজেলার সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকার পথে রওনা হন। গত বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষার পর শরীরে করোনা সনাক্ত হয়। এরপর তিনি চট্টগ্রাম শহরের একটি হাসপাতালের আইসিইউতে শুক্রবার বিকাল পর্যন্ত চিকিত্সাধীন ছিলেন।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী শুক্রবার সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে ইঞ্জিনিয়ার মোশাররফকে চট্টগ্রাম থেকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে সড়কপথে। সুস্থতা কামনায় তার শুক্রবার মিরসরাইয়ের প্রত্যেকটি মসজিদে জুমার নামাজের পর দোয়া মাহফিল এবং উপজেলার সব মন্দির ও প্যাগোড়ায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।