বখাটের উত্পাতে কিশোরীর আত্মহত্যা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:৪২

বরগুনা সদর উপজেলার  বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে বখাটেদের উত্পাতে অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৫)  আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেয়েটির চাচার বাড়ির সামনে একা পেয়ে এলাকার বখাটে রাকিব তার শ্লীলতাহানি করে। মা এ ঘটনা দেখতে পেয়ে রাকিবকে জুতাপেটা করেন। বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হওয়ায় ঐ কিশোরী লোকলজ্জায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় কেউ না থাকায় দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো বখাটে মনির। এ বিষয়ে বরগুনা সদর থানায় গত ছয় মাস আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হাওলাদারকে আসামি করে একটি মামলা দায়ের করি। সেই মামলায় মনিরের নামে চার্জশিটও দেওয়া হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। মনির এখনো পলাতক। মামলার পর থেকে মনিরের ভাই জহির ও ভাগনি জামাই চুন্নু আমাদের বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করে আসছে।

গতকাল মনির, জহির ও চুন্নুর নেতৃত্বে রাকিব নামের এক বখাটে আমার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। প্রতিবেশীদের কটূক্তি ও লোকলজ্জার কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পুলিশ ঘটনাস্থল থেকে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।