সাইবার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এই চক্র দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে প্রবাসী ও বিত্তবানদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। গত বৃহস্পতিবার নগরীর চৌকিদেখি এলাকা থেকে মামুন মিয়া (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী সুনামগঞ্জ থেকে তার সহযোগী আফজল হোসেন ওরফে রিমনকে (২০) গ্রেফতার করে র্যাব। এছাড়া তাদের আরেক সহযোগী জাবেরকে খুঁজছে র্যাব।
মামুন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের বসিন্দা। তার সহযোগী রিমন একই উপজেলার গোপালপুর গ্রামের। পলাতক জাবের আহম্মেদ (২৯) উপজেলার বসরপুর গ্রামের বাসিন্দা। মামুন সিলেট নগরীর চৌকিদেখি ১নং রোডের ২৩/১ নং বাসার ৪র্থ তলায় ভাড়া থাকেন। র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকাশের টাকা উত্তোলনের সূত্র ধরে র্যাবের একটি দল এদের গ্রেফতার করে। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার ফ্রেন্ড লিস্টে থাকা আত্মীয়স্বজন বা বন্ধুর কাছে আকস্মিক কোনো সমস্যা বা কোনো দরিদ্র লোকের চিকিত্সার কথা বলে টাকা চাইত এবং বিকাশের মাধ্যমে সে টাকা নিয়ে আসত। পরে তারা সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন বিকাশ পয়েন্ট থেকে তা উত্তোলন করত। এভাবে প্রতি মাসে তাদের আয় কয়েক লাখ টাকা। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।
