আদালতে স্বামীর হত্যার দায় স্বীকার

পূর্বপরিকল্পনা অনুযায়ী স্ত্রী পিয়ারা বেগমকে হত্যা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:৪৫

আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পিয়ারা বেগমের স্বামী আব্দুস সালাম। গত ৮ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দিনাজপুর সিনিয়র চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আমলি আদালত-৭ ঘোড়াঘাটের বিচারক ইসমাইল হোসেনের নিকট দেওয়া জবানবন্দিতে তার স্ত্রী পিয়ারাকে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যার কথা স্বীকার করেন। গতকাল বেলা ১১টায় ঘোড়াঘাট থানায় এক প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন এ তথ্য জানান।  

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারেন ঘোড়াঘাট-হিলি সড়কে সুরা মসজিদের পূর্ব পার্শ্বে চোরগাছা মৌজায় রাস্তার ধারে এক অজ্ঞাত মহিলার লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর বিশেষ টিমের মাধ্যমে গভীর রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মৃতদেহের পরিচয় শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট থানার মাধ্যমে মৃতের ভাই মুনছুর আলীকে সংবাদ প্রেরণ করা হয়। ৫ অক্টোবর মুনছুর আলী ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর পর বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ৭ অক্টোবর সন্ধ্যায় ঘটনার মূল সন্দেহভাজন আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পুলিশ ঘটনা সংঘটনের কাজে ব্যবহূত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করেছে।