'জাতীয় পার্টির রাজনীতি সংস্কারের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, জাতীয় পার্টি লুটপাটের রাজনীতি করেনা। জাতীয় পার্টি দেশ ও জনগণের উন্নয়ন চায়, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘাঁতে চায়। আর এজন্য বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নয় বছরের সফল সাবেক প্রয়াত রাষ্ট্রনায়ক আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদকে পল্লীবন্ধু উপাধি দিয়েছিলেন।'- কথাগুলো বলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে কিশোরগঞ্জ হাইস্কুল মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আদেল আরো বলেন, 'আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলা সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলাকে আমি সারা বাংলাদেশের মধ্যে আদর্শ উপজেলা হিসাবে দেখতে চাই। সেজন্য কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার সকল রাস্তাঘাট পাকা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলাকে পৌরসভা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিশোরগঞ্জে ব্যবসা বাণিজ্যে অগ্রসর করার জন্য বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রয়েছে। সবমিলে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি।'
কর্মী সমাবেশে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শাহজাহান চৌধুরী। স্বাগত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. রশিদুল ইসলাম রশিদ, যুব সংহতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। কর্মী সমাবেশে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু সংসদ সদস্য আদেলের হাতে ফুলের তোরা দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
ইত্তেফাক/আরএ
