খুলনায় শিশু ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৩:২৭

খুলনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আপন খালু চুন্নু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে নগরীর শেরে বাংলা রোডের হাজীবাড়ি মিজানের বস্তি থেকে শিববাড়ী মোড়ে ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোর্পদ করে। 

গ্রেফতার চুন্নু মিয়া নগরীর গল্লামারী ব্যাংক কোয়ার্টারের আব্দুল বারেক তালুকদারের ছেলে। সে সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারের বস্তা সেলাই শ্রমিক।

নির্যাতিত শিশুটির স্বজনদের অভিযোগ, শিশুটির খালা গল্লামারী ব্যাংক কোয়ার্টারের বাসায় না থাকা অবস্থায় গত তিন মাস ধরে খালু চুন্নু মিয়া বিভিন্ন সময় শিশুটিকে ধর্ষণ করেছে। গত দুই-তিনদিন ধরে শিশুটি অসুস্থবোধ করলে মায়ের চাপাচাপিতে খালু চুন্নু মিয়া কর্তৃক দীর্ঘদিন ধরে ধর্ষণের ঘটনা খুলে বলে। শিশুটির বাসা নগরীর গল্লামারী দরগা রোডে। গত বৃহস্পতিবার ও শুক্রবার পারিবারিকভাবে মিমাংসার জন্য বৈঠক হলেও কোনো আপোষ হয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় নগরীর শেরে বাংলা রোডের আমতলা হাজিবাড়ী মিজানের বস্তি থেকে পারিবারিক আপোস-রফা চলাকালে ধর্ষক চুন্নু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে ধর্ষণ বিরোধী আন্দোলতরত শিক্ষার্থীরা।

খুলনা সদর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, ধর্ষণের অভিযোগে চুন্নু মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/কেকে