পিরোজপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৭:৩৪

পিরোজপুরে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। শহিদ মুক্তিযোদ্ধা পরিবারসহ শহরের সম্ভ্রান্ত হিন্দু মসিদবাড়ির জায়গা দখল ও মামলা করে সংখ্যালঘুদের ওপর হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

এদিকে, অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শহিদ মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ হালদারের ছেলে স্বপন কুমার হালদার লিখিত বক্তব্যে জানান, শহর মাছিমপুরের মসিদবাড়ি এলাকার ভূমিদস্যু, মাদককারবারী ও চিহ্নিত এক সন্ত্রাসী একই এলাকার ১৪৬০ নম্বর দাগের তার বাবা শহিদ মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ হালদারের নামীয় জায়গা দখল করে সেখানে ঘর তুলে জবর দখলে নেয়। পুলিশের কাছে এ অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে এবং স্থানীয় পৌর কাউন্সিলরের উপস্থিতিতে জায়গা ফেরত ও দুই মাসের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার লিখিত দেন অভিযুক্ত প্রদীপ হাওলাদার। তার পরেও প্রদীপ হাওলাদার দখল করে রাখা জায়গা ফেরত দিচ্ছে না এবং ঘর সরিয়ে নিচ্ছে না। শহিদ মুক্তিযোদ্ধা মনিন্দ্র নাথের ছেলে স্বপন কুমার হালদার জায়গা দখল নিতে গেলে তার ওপর প্রদীপ হাওলাদার তার লোক জন নিয়ে সশস্ত্র হামলা করে ও বাধা দেন। এ ঘটনার পরে আদালতে মামলা দায়েরসহ পুলিশ সুপার ও র্যাবের কাছে অভিযোগ দিয়েছে হামলার শিকার স্বপন কুমার হালদার। সংবাদ সম্মেলনে মসিদবাড়ির বাসিন্দা দেবরাজ মসিদ, নির্মল মসিদ, অমল মসিদ, বিশ্বজিত্ মসিদ বাপ্পী, সাবেক পৌর কমিশনার ভবতোষ মসিদ, জয় মসিদ, সুকান্ত মসিদ, তনু মসিদ, কাইয়ুম সিকদারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রদীপ হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু অভিযুক্ত প্রদীপ হাওলাদারের বক্তব্য জানার জন্য তাকে মোবাইল ফোনে কল দিলে তিনি (প্রদীপ) উত্থাপিত অভিযোগ মিথ্যা বলে দাবি করে বলেন, এ নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হলে প্রেসক্লাব সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।

ইত্তেফাক/কেকে