হোয়াইট হাউসের সেই অনুষ্ঠান ছিল করোনার 'সুপার স্প্রেডার': ফাউচি

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১০:১৩

গত মাসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত মার্কিন সুপ্রিম কোর্টের জন্য নতুন মনোনীত বিচারপতির নাম ঘোষণার অনুষ্ঠানটি ছিল করোনার সুপার স্প্রেডার ( যে স্থান থেকে অনেকের মধ্যে রোগ ছড়ানোর আশঙ্কা থাকে) ।   ওই অনুষ্ঠানের সমালোচনা করে শুক্রবার ফক্স নিউজকে এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড.  অ্যান্থনি ফাউচি।

জনাকীর্ণ ওই অনুষ্ঠানে অনেকেই সেদিন মাস্ক ছাড়াই উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে উপস্থিত থাকাদের মধ্যে একে একে অনেকের মধ্যেই সংক্রমণ ধরা পড়েছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার চিকিৎসকরা জানিয়েছেন যে ট্রাম্পের করোনার সম্পূর্ণ চিকিৎসা শেষ করেছেন এবং তিনি পাবলিক ইভেন্টে অংশ নিতে পারবেন। 

করোনায় আক্রান্ত হওয়ার অনুভুতি জানাতে গিয়ে ফক্স নিউজকে শুক্রবার ট্রাম্প বলেছেন যে তার শরীর দুর্বল ছিল তবে শ্বাসকষ্ট ছিল না।

 গত ২ অক্টোবর ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসা শেষ সোমবার হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।

ইত্তেফাক/এআর