করোনায় আক্রান্ত চিত্রনায়িকা মৌ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৭:০২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রে এ প্রজন্মের নায়িকা মৌ খান। শুক্রবার তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

মৌ জানান, গত ৮ অক্টোবর থেকে তিনি অসুস্থ। প্রথমে জ্বর আসে। এরপর কাশি শুরু হয়। গলাতেও একটু একটু সমস্যা অনুভব করেন। খাবারের স্বাদ-ঘ্রাণও পাচ্ছিলেন না। তারপরই করোনা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দেন। অবশেষে শুক্রবার রিপোর্ট হাতে আসলে বিষয়টি জানা যায়।

এ বিষয়ে মৌ বলেন, ‘শরীরে এখন জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। হালকা কাশি আছে। বাসায় আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া করবেন সবাই আমার জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

প্রসঙ্গত, চিত্রনায়িকা মৌ খান ‘প্রতিশোধের আগুন’ নামে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর তিনি বাহাদুরি, বান্ধব, তুই আমার জান, তবুও প্রেম দামি নামে চারটি ছবিতে কাজ করেছেন। এগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়াও সম্প্রতি সাইমন সাদিকের বিপরীতে একটি সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ