নেটফ্লিক্সে সোহম-মিম

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:১৪

বিশ্বজুড়ে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। ২০১৫ সালে মিম অভিনীত ‘ব্ল্যাক’ সিনেমা সম্প্রতি যুক্ত হয়েছে নেটফ্লিক্সে।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘যদিও এটা পাঁচ বছর আগের সিনেমা, তবে শুনে ভালো লাগল। জনপ্রিয় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সিনেমাটি নতুন করে মুক্তি পেয়েছে জেনে খুব আনন্দ পেলাম।’

যৌথ প্রযোজনার সিনেমাটিতে বিদ্যা সিনহা মিমের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার সোহম চক্রবর্তী। সিনেমাটি পরিচালনা করেছিলেন বাংলাদেশের কিবরিয়া ‍লিপু ও কলকাতার রাজা চন্দ। প্রযোজনা করেছে বাংলাদেশের কিবরিয়া ফিল্মস ও পশ্চিমবঙ্গের দাগ ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড।এর আগে নেটফ্লিক্সে বাংলাদেশের ‘কমলা রকেট’ ও ‘ইতি তোমার ঢাকা’ শিরোনামে দুটো সিনেমা মুক্তি পেয়েছে।

ইত্তেফাক/বিএএফ