স্টাফ রিপোর্টার, রংপুর
করোনা মহামারির কারণে মার্চ থেকে বন্ধ থাকা রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা শিগিগরই খোলা হবে। এজন্য প্রস্তুতি নিচ্ছেন চিড়িয়াখানা ইজারাদাররা। ২১৩টি প্রজাতির প্রাণী নিয়ে স্বাস্থ্যবিধিসহ বেশকিছু শর্তসাপেক্ষে দর্শনার্থীদের খুলে দেওয়া হচ্ছে এ চিড়িয়াখানা। এদিকে করোনার কারণে কোলাহলমুক্ত সবুজ স্নিগ্ধ পরিবেশে পশু-পাখির হয়েছে বংশবৃদ্ধি। এছাড়া আরো কিছু নতুন অতিথি আনা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আমবর আলী তালুকদার। তিনি জানান, এ অঞ্চলের বিনোদনকারীদের জন্য রংপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঢাকা চিড়িয়াখানা থেকে নতুন করে বেশকিছু পশু-পাখি নিয়ে এসেছে। এর মধ্যে একটি মেয়ে জলহস্তি, তিন জোড়া নীল ময়ূর, এক জোড়া সাদা ময়ূর ও বিশটি ওয়াক পাখি রয়েছে। নতুন এসব প্রাণীকে স্ব স্ব খাঁচায় বন্দি রাখা হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট ঢাকা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ প্রজাতির জলহস্তি আনা হয়েছে। বর্তমানে রংপুর চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, জলহস্তিসহ বিভিন্ন প্রজাতির ২১৩টি প্রাণী রয়েছে।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আরো জানান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আদেশ মিললে রংপুর চিড়িয়াখানা খুলে দেওয়া হবে। এজন্য গত ২০ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে চিড়িয়াখানা খোলার জন্য প্রস্তুত রয়েছে। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমতিসাপেক্ষে শিগিগরই রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা খোলা হবে। এজন্য গত ৫ অক্টোবর চিঠি দিয়ে চিড়িয়াখানার ইজারাদারদের স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।
