কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই জমে হাঁটুপানি। স্কুলটির অবকাঠামোগত অবস্থা বর্তমানে খুবই নাজুক। স্কুলটিতে আজও গড়ে ওঠেনি পাকা স্কুলভবন। কবে নাগাদ ভবন তৈরি হবে, স্কুলের মাঠ ভরাট করে উঁচু করা হবে তারও নিশ্চয়তা দিতে পারছে না কেউ। সরেজমিন ঘুরে জানা গেছে, ১০ বছর আগে গড়ে তোলা হয়েছিল টিনশেডের এই স্কুল ঘরটি। শুরু থেকে এইখানে কোনোমতে পাঠদান চলছিল কোমলমতি শিশুদের। ২০১০ সালে প্রতিষ্ঠিত সু্কলটি ২০১৪ সালে সরকারীকরণ করা হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৯৬ জন এবং শিক্ষক রয়েছেন চার জন। কুতুবপুর গ্রামের বাসিন্দা জামাল চাপরাশি জানান, বৃষ্টি হলে স্কুলের চালা দিয়ে পানি পড়ে। এই ভাঙাচোরা ঘরে পুনরায় কীভাবে ক্লাস চলবে এ নিয়ে আমরা ছেলেমেয়েদের নিয়ে চিন্তিত।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলী হায়দার জানান, প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে স্কুল ঘরটি বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্কুলটিতে আজও বিদ্যুত্ সংযোগ দেয়া হয়নি। তাই তীব্র গরমের সময় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। নানাবিধ সমস্যার কারণে অনেক শিক্ষার্থী আমাদের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে। কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক খুকুমনি জানান, স্কুল ভবন না থাকায় আমরা শিক্ষার্থীদের নিয়ে নানাবিধ সমস্যায় আছি। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতির জন্য দেড় লাখ টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। এ দিয়ে ফ্লোর পাকা করা হবে । দ্রুত ভবন নির্মাণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফয়সাল জামিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুলটির ভবন নির্মানের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। শিগিগরই ভবন নির্মাণের টেন্ডার হবে বলে তিনি জানান।
