বিজয়ী হলেন যারা

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪২

বিভিন্ন স্থানে উপনির্বাচন অনুষ্ঠিত

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রিটার্নিং অফিসার ফল ঘোষণা করেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

কালাই (জয়পুরহাট) : কালাই পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৫৬১ ভোট। জয়পুরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম বলেন, ৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। মোট ১৩ হাজার ৫২১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ২৬৩ জন। ভোট প্রদানের হার ৬১ দশমিক ১১ শতাংশ।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে পানির বোতল প্রতীক নিয়ে মনিরুজ্জামান রিংকু ১ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কাউখালী (পিরোজপুর) : উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যপদে নিখিল সুতার তালা প্রতীক নিয়ে ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

গোদাগাড়ী (রাজশাহী) : উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীকে ১৩ হাজার ৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী।