খুলনা অফিস
খুলনার মশিয়ালী গ্রামের আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডের মূল হোতা বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভুক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হলে বিচারক মো. শহীদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান জানান, শুক্রবার সকালে ঢাকার মিরপুর এলাকার বহুতল ভবন থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
