বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪৪

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দেলোয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাঁচভিটা গ্রামের রুপা মেম্বারের বাড়ির মো. মলাই মিয়ার ছেলে। শনিবার সকালে তাকে বাড়ি থেকে আটক করা হয়। ধর্ষণের শিকার কিশোরী অভিযুক্তের চাচাত বোনের মেয়ে।

মেয়েটির মা জানান, তার বাক্প্রতিবন্ধী মেয়েকে শুক্রবার রাত ৮টার দিকে দেলোয়ার বাড়ির পেছনে কলাগাছের কাছে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক ডা. তামান্না হক বলেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বাক্প্রতিবন্ধী কিশোরীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ও ধর্ষণের শিকার মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।