সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪৫

 

তালায় ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় ব্লাড ব্যাংকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার তালা উপশহরে র্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। ব্লাড ব্যাংকের এডমিন এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার।

বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় শনিবার বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান পৌর এলাকার বন্যাদুর্গত পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন। পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু আকন্দের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন প্রমুখ।

বেনাপোল পৌরসভার নির্বাচন দাবি

বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভোটাধিকার ও পৌরবাসীর উন্নয়নের স্বার্থে অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে শনিবার সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে পৌরবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ রাজনীতিবিদ মোস্তাক হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল প্রমুখ।

৭৬ জন সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক

বাগেরহাট প্রতিনিধি করোনাকালীন পরিস্থিতিতে বাগেরহাট জেলার ৭৬ জন সাংবাদিকের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে সাংবাদিকদের হাতে এসব চেক তুলে দেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) এস এম মাহফুজুল হক। বাগেরহাটের জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাছাই কমিটির জেলা সভাপতি মো. মামুনুর রশীদের সভাপত্বিতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম প্রমুখ।

দুর্গাপূজা উপলক্ষ্যে আলোচনাসভা

নাটোর প্রতিনিধি নাটোরে দুর্গাপূজা উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় নিচাবাজার এলাকার শ্রীমণ মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পৌর শাখার সভাপতি সমর কুমার কুন্ডুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি।

গণহত্যা দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের নবাবগঞ্জের চড়ারহাট বদ্ধভূমির পাশে শহিদদের স্মৃতিসৌধ প্রাঙ্গণে শনিবার আলোচনাসভা, গণহত্যার স্মৃতিচারণ ও দোয়ার মাধ্যমে গণহত্যা দিবস পালন করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আলতাফুজ্জামান মিতা প্রমুখ বক্তব্য রাখেন।

কৃষক লীগের বর্ধিত সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মুন্সী এবাদুল ইসলামের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শরীফ আশরাফ আলী, জেলা কমিটির সভাপতি শেখ লুত্ফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের সিটি কনভেনশন হল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। যুব পরিষদ সভাপতি স্বপন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মিঠাপুকুর ছাত্র উন্নয়ন পরিষদ। শনিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মিঠাপুকুর ছাত্র উন্নয়ন পরিষদের আহ্বায়ক আমিল আবতাহী, সদস্যসচিব হাসিন তাজমিন প্রমুখ।