কস্ট অডিট বাস্তবায়িত হলে উত্পাদন ব্যয় হ্রাস পাবে

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪৯

ইত্তেফাক রিপোর্ট

আইসিএমএবি প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন আকন্দ এফসিএমএ বলেছেন, ব্যবসায় প্রতিষ্ঠান ও শিল্পকারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়িত হলে পণ্যের উত্পাদন ব্যয় হ্রাস পাবে, যার সুবিধা ভোক্তারা পাবে। আইসিএমএবির প্রেসিডেন্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদ উল্লা ভঁইয়ার সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাত্কালে এ কথা বলেন। আইসিএমএবি প্রেসিডেন্ট দেশের ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মদক্ষতা মূল্যায়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টসদের ভূমিকা সম্পর্কে এফআরসি চেয়ারম্যানকে অবহিত করেন। আইসিএমএবির প্রেসিডেন্ট বলেন, দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের স্বার্থে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ও শিল্পকারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়িত হলে পণ্যের উত্পাদন ব্যয় হ্রাস পাবে, যার সুবিধা ভোক্তারা পাবে। তাছাড়া কস্ট অডিট-সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত সরকারি সিদ্ধান্তের আলোকে বিভিন্ন প্রতিষ্ঠানে কস্ট অডিট বাস্তবায়ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এফআরসি চেয়ারম্যান সরকারি সিদ্ধান্ত মোতাবেক ক্রমান্বয়ে কস্ট অডিট বাস্তবায়নের ব্যাপারে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।