বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের প্রতি নজর দিন

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫৪

আমাদের দেশে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই কম। তাই উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমাদের ভর্তিযুদ্ধে অবতীর্ণ হতে হয়। এতে সফল হওয়া গুটিকয়েক শিক্ষার্থীরই সুযোগ হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। সমস্ত শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। সারা দেশের এত এত শিক্ষার্থীর দায়িত্ব নিতে হিমশিম খাচ্ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই তাঁদের ওপর থেকে চাপ কমানোর জন্যই এখন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কিছু শিক্ষার্থীকে তাদের অধিভুক্ত হিসেবে গ্রহণ করে। আবার এ অধিভুক্ত হতে গেলেও কখনো ভর্তি পরীক্ষা দিয়ে ভালো ফল করতে হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় শিক্ষার্থীদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারা রাখে। কিন্তু এ অবস্থায় অধিভুক্ত শিক্ষার্থীদের কথা কেউ চিন্তা করছে না। আমাদের পরীক্ষা আদৌ হবে কি না কিংবা অটোপ্রমোশনের কোনো সুযোগ আছে কি না সে ব্যাপারে কোনো সিদ্ধান্তই আসছে না। দয়া করে আমাদের দিকে একটু নজর দিন। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যত্ নির্ভর করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ওপর। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করছি।

তাহরিমা মাহজাবিন

শিক্ষার্থী, রসায়ন বিভাগ,

সরকারি তিতুমীর কলেজ, ঢাকা