খেলার মাঠেও প্রতিবাদে মুখর হোন

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫৪

সম্প্রতি ইউএস ওপেনে প্রতিবাদের এক নয়া ভাষা শেখালেন মহিলা বিভাগের বিজয়িনী নোয়ামি ওসাকা। তিনি প্রতিটি ম্যাচ খেললেন কালো মাস্ক পরে। প্রতিদিন সেই মাস্কে লেখা ছিল একটি করে নাম। সেইসব হতভাগ্য কৃষ্ণাঙ্গর নাম, যাঁরা সম্প্রতি আমেরিকায় বর্ণবিদ্বেষী হিংসায় প্রাণ হারিয়েছেন। জাপানের ওসাকা নিজেও কৃষ্ণাঙ্গ। তিনি যে শুধু একজন খেলোয়াড় নন, একজন সামাজিক মানুষ, তার প্রমাণ রাখলেন পৃথিবীর সামনে। ফাইনালের দিন তাঁর মাস্কে লেখা ছিল বারো বছরের এক কৃষ্ণাঙ্গ বালকের নাম, যে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন কিছুদিন আগে। খোদ ফ্লাশিং মিডোয় দাঁড়িয়ে মুখে কোনো কথা না বলে এই অনন্য প্রতিবাদ বিশ্বের ক্রীড়াপ্রেমীদের আপ্লুত করেছে। ওসাকার ফাইনাল ম্যাচটি যাঁরা দেখেছেন, তাঁরা বুঝবেন, সেদিন যেন তিনি পণ করেছিলেন জিতে, এই কৃষ্ণাঙ্গ বিদ্বেষের জবাব দেবেন। যেন নিজের জন্য নয়, ওসাকা খেলছিলেন একটি বালকের মৃত্যুর প্রতিশোধ নিতে। চোখে না দেখলে বিশ্বাস হয় না! ওসাকাকে দেখে বারবার যে নামটি মনে পড়ছিল, সেটি আর্থার অ্যাশ। কৃষ্ণাঙ্গ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদকে এক অন্য মাত্রা দিলেন ওসাকা। নিছক মুখ ঢেকে রাখা নয়, তাঁর মাস্ক উন্মোচন করল মুখশ্রী, মুখর হলো প্রতিবাদে।

কেন, আমাদের দেশের খেলোয়াড়েরা কি প্রতিবাদ করতে জানেন না! এখন থেকে আমাদের প্রিয় খেলোয়াড়দের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক খেলার মাঠেও।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা