দুই তামিমের নেট সেশন

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫৭

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম—ডাক নামের দিক থেকে দুজনের মিল রয়েছে। আরো মিল আছে—দুজনই বাঁহাতি ব্যাটসম্যান এবং ওপেনার।

প্রথম জন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ওপেনার, সফল ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটের পরীক্ষিত পারফরমার। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। দ্বিতীয় জন বছরের শুরুতে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার।

বিসিবি প্রেসিডেন্টস কাপে একই দল তথা তামিম ইকবাল একাদশে রয়েছেন তারা। গতকাল মিরপুর স্টেডিয়ামে সকালে নেট সেশনে এক সঙ্গে ব্যাটিং আসলেন দুই ওপেনার। দুই তামিমের ব্যাটিংয়ে নেট সেশনটা হয়ে উঠেছিল বেশ উপভোগ্য। মুস্তাফিজুর রহমান, এক অফ স্পিনার ও থ্রো ডাউনের বিপক্ষে ব্যাট করেছেন তারা।

জুনিয়র তামিম আক্রমণাত্মক ব্যাটিংই করে থাকেন। গতকাল অগ্রজকে সামনে রেখেই ক্রমাগত বড় শট খেললেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছরের বেশি সময় কাটিয়ে দেয়া সিনিয়র তামিম অবশ্য স্বভাবসুলভ ব্যাটিংই করেছেন। প্রায় ৪০ মিনিট একসঙ্গে নেটে সময় কাটিয়েছেন দুই তামিম। বিসিবি প্রেসিডেন্টস কাপে ওপেনিংয়ে তাদের জুটি হতে পারে ক্রিকেট প্রেমীদের রোমাঞ্চের খোরাক। 

আজ ম্যাচ নেই বলে গতকাল সকালে অনুশীলন সেরেছে তামিম বাহিনী। এই টুর্নামেন্ট তরুণদের সামনে দারুণ সুযোগ, নিজেকে চেনানোর। জুনিয়র তামিম ও তরুণদের প্রতি এই বার্তা দিয়ে রেখেছেন অধিনায়ক তামিম।

গতকাল অভিজ্ঞ এই ক্রিকেটার বলেছেন, ‘কারো যদি একটা ভালো টুর্নামেন্ট হয়, সে যদি খুব ভালো ব্যাটিং করে কিংবা বোলিংয়ে ভালো পারফরম্যান্স করে তাহলে তার জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। এ রকম যদি কোনো তরুণ ক্রিকেটার থাকে তাহলে তাকে নিয়ে চিন্তা করতে পারে। এটা সবার জন্য একটা ভালো সুযোগ। এই টুর্নামেন্টে ভালো পারফরম করে নিজের জায়গাটা তৈরি করে নেওয়া।’