১২৪ জন নেগেটিভ দুই জন পজিটিভ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

বিসিবি প্রেসিডেন্টস কাপ উপলক্ষ্যে গতকাল আবারও জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন ক্রিকেটাররা। ৪৫ জন ক্রিকেটারসহ গতকাল ৬৩ জন হোটেল সোনারগাঁয়ে উঠেছেন। এর আগে শুক্রবার ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা, টিম বাসের চালককর্মী, হোটেলের কর্মীসহ ১২৬ জনের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। ক্রিকেটাররা সবাই নেগেটিভ রিপোর্টই পেয়েছেন।

তবে হোটেলের দুই জন কর্মীর পজিটিভ রিপোর্ট এসেছে। তাদেরকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কারো সংস্পর্শে এসেছেন কি না তা খতিয়ে দেখছে বিসিবি।। তার পরও খেলার স্বার্থে কিছুটা ঝুঁকি নিতেই হচ্ছে।

বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে গতকাল বলেছেন, ‘১২৬ জনের মধ্যে ১২৪ জনের করোনা নেগেটিভ এসেছে। যে দুই জন পজিটিভ এসেছে তারা আমাদের সীমারেখার বাইরে। ইতিমধ্যে তাদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুই জন কারও সংস্পর্শে এসেছিলেন কি না সেটাও খতিয়ে দেখছি আমরা। তবে এই মুহূর্তে খেলা শুরু করতে হলে আমাদেরকে কিছুটা হলেও ক্যালকুলেটিভ রিস্ক নিতেই হবে। তা না হলে তো খেলা মাঠে গড়ানো সম্ভব হবে না।’